ভাষা আন্দোলনের প্রায় ৭৪ বছর পর রাজশাহীবাসী পেলেন তাদের নিজস্ব কেন্দ্রীয় শহিদ মিনার। নগরীর রাজারহাটা এলাকায় জেলা পরিষদের উদ্যোগে প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ‘রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনার’। প্রায় এক বিঘা জমির ওপর গড়ে ওঠা এই স্থাপনায় একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল অর্পণ করবেন শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উদ্বোধনের পরই এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
জানা গেছে, বহু বছর ধরে রাজশাহীতে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছিল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সেই দাবির পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১৬ ডিসেম্বর নির্মাণকাজের উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। জেলা পরিষদের মালিকানাধীন সরকারি সার্ভে ইনস্টিটিউট নগরীর বাইরে নওদাপাড়ায় স্থানান্তরিত হলে প্রায় এক বিঘা জায়গা খালি হয়, যা পরবর্তীতে শহিদ মিনার নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়।
তবে জেলা পরিষদ ও রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয়হীনতা ও সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণে নির্মাণকাজ কিছুটা পিছিয়ে যায়। পরবর্তীতে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নেই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়।
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান জানান, মহান ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষাসহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যেই এই শহিদ মিনার নির্মাণ করা হয়েছে। রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব রূপ এটি।
আর/

