ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠার অঙ্গীকার থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো সরে আসেনি বলে মন্তব্য করেছেন দলটির ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী শায়খ হাফেজ নেছার আহমদ আন-নাছিরী। তিনি বলেন, আমরা কোনো দল কিংবা ব্যক্তির ওপর নির্ভরশীল নই। সম্পূর্ণভাবে আল্লাহ তায়ালার ওপর ভরসা করেই ইসলামকে ক্ষমতায় নেয়ার শপথ করেছি। এ পথ থেকে বিচ্যুত হওয়ার প্রশ্নই ওঠে না।
জামায়াতের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয়ভাবে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছে। দেশব্যাপী ২৬৮ আসনে দলটির প্রার্থীরা প্রচারণা জোরদার করেছেন। এরই অংশ হিসেবে হাতপাখা প্রতীকের প্রার্থী শায়খ নাছিরী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে গণসংযোগ চালাচ্ছেন।
স্থানীয় বিভিন্ন এলাকায় পথসভা ও ব্যক্তিগত সাক্ষাতে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই। ইসলামভিত্তিক শাসনব্যবস্থাই মানুষের জান-মাল, ইজ্জত ও অধিকার রক্ষা করতে পারে। এ লক্ষ্যেই ইসলামী আন্দোলনের রাজনীতি পরিচালিত হচ্ছে।
জোট রাজনীতির সম্ভাবনার কারণে মাঝখানে গণসংযোগে কিছুটা বিরতি এলেও ঐক্য ভেঙে যাওয়ার পর তিনি নতুন উদ্যমে প্রচারণায় নেমেছেন। গ্রাম থেকে গ্রামে ঘুরে সাধারণ মানুষের কাছে হাতপাখা প্রতীকে ভোট চাইছেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে খেজুর গাছ প্রতীক নিয়ে লড়ছেন মাওলানা জুনায়েদ আল হাবীব। জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা মাওলানা আশরাফ উদ্দিন মাহদী। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।
একাধিক আলোচিত প্রার্থীর উপস্থিতিতে এই আসনে ভোটের লড়াই দিন দিন আরও জমে উঠছে।

