প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হলেন যশোরের কৃতি সন্তান অমিত, জেলাজুড়ে আনন্দের জোয়ার

by AMIRUL ISLAM

বিএনপির নবগঠিত সরকারের মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন যশোর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তার এই মন্ত্রিত্বের খবরে যশোরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে খবরটি ছড়িয়ে পড়ার পরপরই যশোরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের গাড়িখানায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। কার্যালয় প্রাঙ্গণে নেমে আসে উৎসবের আমেজ। পরে বিকেল ৫টায় জেলা বিএনপির ব্যানারে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

বিজ্ঞাপন
banner

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নতুন প্রতিমন্ত্রীর নামে বিভিন্ন স্লোগান দেন এবং একে অপরকে রং মাখিয়ে আনন্দ প্রকাশ করেন।

অনিন্দ্য ইসলাম অমিতের বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামও ৪ বার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাবার পথ ধরেই এবার মন্ত্রিসভায় যুক্ত হলেন অমিত।

পিতা জীবিত থাকাকালেই তিনি যশোর জেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ধাপে ধাপে নিজের অবস্থান তৈরি করেন তিনি। পিতার মৃত্যুর পর জেলা বিএনপির নেপথ্যের কারিগর হিসেবে ভূমিকা রাখেন। গত ১৭ বছর ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নেতাকর্মীদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আস্থা অর্জন করেন। যার ফলশ্রুতিতে বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং পরে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

অনিন্দ্য ইসলাম অমিত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। কিন্তু তৎকালীন সরকার তার ওপর ব্যাপক নিপীড়ন চালায় এবং জালিয়াতির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেয়।

অনিন্দ্য ইসলাম ১৯৭৫ সালের ২৪ আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি যশোর জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অনিন্দ্য ইসলাম ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি অনার্স এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি টিভি বিতর্ক প্রতিযোগিতায় ফজলুল হক হলের নেতৃত্ব দিয়েছিলেন।

অনিন্দ্য ইসলাম ল্যাবস্কান মেডিকেল সার্ভিসেস লিমিটেড ও লোকসমাজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি যশোর মেডিসিন ব্যাংক, রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইনস্টিটিউট, বাংলা একাডেমি, যশোর প্রেস ক্লাব, যশোর চেম্বার অব কমার্স, যশোর ক্লাব, ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন, গ্রাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বায়োকেমিক্যাল সোসাইটির আজীবন সদস্য। এছাড়া তিনি বেশ কিছু সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ