আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে দেশের জন্য অস্ত্র হাতে নিতে রাজি নয় যুক্তরাজ্য-এর অধিকাংশ তরুণ। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, যা নতুন প্রজন্মের মনোভাব নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
জন স্মিথ সেন্টার পরিচালিত এই জরিপে ১৬ থেকে ২৯ বছর বয়সী দুই হাজার তরুণ-তরুণীর মতামত নেওয়া হয়। এতে দেখা গেছে, ৫০ শতাংশ তরুণ জানিয়েছেন তারা ‘কোনো পরিস্থিতিতেই’ দেশের জন্য যুদ্ধে যাবেন না। অন্যদিকে ৩৮ শতাংশ বলেছেন, নির্দিষ্ট পরিস্থিতিতে তারা যুদ্ধে অংশ নিতে পারেন, আর বাকিরা এ বিষয়ে অনিশ্চিত।
জরিপে আরও উঠে এসেছে, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের অনুভূতি আগের তুলনায় কমেছে এবং জাতীয় পরিচয় নিয়ে প্রজন্মগত বিভাজন তৈরি হয়েছে। একই সঙ্গে, গত এক বছরে নিজেদের ভবিষ্যৎ বাবা-মায়ের চেয়ে ভালো হবে—এমন বিশ্বাসী তরুণের হার ৬৩ শতাংশ থেকে কমে ৩৬ শতাংশে নেমে এসেছে।
রাজনৈতিক ব্যবস্থার প্রতিও তরুণদের আস্থা কমে গেছে। মাত্র ২৫ শতাংশ মনে করেন, দেশের রাজনৈতিক ব্যবস্থা তাদের সঙ্গে ন্যায়সংগত আচরণ করে। জরিপে অংশ নেওয়া তরুণদের অনেকেই আর্থিক অনিশ্চয়তা, চাকরির নিরাপত্তাহীনতা এবং বাসস্থানের সংকটকে প্রধান উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন।
গবেষণা কেন্দ্রটির পরিচালক এডি বার্নস বলেন, যে দেশ তাদের জন্য যথেষ্ট সুযোগ তৈরি করতে পারছে না, সেই দেশের জন্য তরুণদের লড়াই করার আগ্রহ কমে যাচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতের চাকরির ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ৫৫ শতাংশ তরুণ।
জরিপে আরও দেখা গেছে, ‘দেশে গণতন্ত্র সংকটে রয়েছে’—এমন মতের সঙ্গে একমত ৫৬ শতাংশ তরুণ।
আর/

