আমেরিকা ও ইসরাইলের যৌথ সামরিক আগ্রাসনে ইরানের ওপর সংঘটিত বর্বর হামলার তীব্র নিন্দা ও ঘৃণাভরা প্রতিবাদ জানাচ্ছে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির শায়খ ড. শহীদুল ইসলাম ফারুকী বলেন, এই নৃশংস আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি কেবল একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর হামলা নয়; বরং এটি বিশ্বমানবতার বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের ধারণার ওপর নির্মম আঘাত।
তিনি আরো বলেন, আমেরিকা ও ইসরাইল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা, যুদ্ধ ও রক্তপাতকে উসকে দিয়ে নিজেদের আধিপত্যবাদী ও সম্প্রসারণবাদী এজেন্ডা বাস্তবায়ন করে আসছে। ইরানের ওপর এই হামলা সেই ধারাবাহিক আগ্রাসনেরই ভয়াবহ বহিঃপ্রকাশ, যা গোটা অঞ্চলকে এক অনিশ্চিত ও বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরো বলেন, পৃথিবী আজ দাজ্জালি বিশ্বব্যবস্থার এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইরান এই সংঘাতের চূড়ান্ত লক্ষ্য নয়; বরং এটি একটি কৌশলগত ধাপ মাত্র। তাদের আসল টার্গেট আরও গভীর ও সুদূরপ্রসারী। আল-কুদস দখল ও মুসলিম উম্মাহর আকীদা, ইতিহাস এবং অস্তিত্বকে চূড়ান্তভাবে বিপর্যস্ত করাই তাদের আসল টার্গেট।
আমিরে পয়ামে ইনসানিয়াত বলেন, অবিলম্বে এই আগ্রাসন বন্ধ, দোষীদের আন্তর্জাতিক বিচারের আওতায় আনা এবং মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানাচ্ছে। আমরা ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি এবং এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববিবেককে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। জালিমের বিরুদ্ধে ঐক্যই মজলুমের শক্তি। ন্যায় ও মানবতার বিজয় অবশ্যম্ভাবী।
আবুআ/

