সংসদে স্পিকারকে সম্মান প্রদর্শনে ধর্মীয় রীতি অনুসরণের নির্দেশ

কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দ বাদ থাকায় সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণের সুযোগ

by ABDUR RAHMAN
সংসদে স্পিকারকে সম্মান প্রদর্শনে ধর্মীয় রীতি অনুসরণের নির্দেশ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় সংসদে অধিবেশনকক্ষে প্রবেশ, বের হওয়া কিংবা আসন গ্রহণ ও ত্যাগের সময় স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশনে এ বিষয়ে রুলিং প্রদান করেন তিনি।

বিজ্ঞাপন
banner

রুলিংয়ে স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ নম্বর বিধান অনুযায়ী, সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য কক্ষে প্রবেশ বা কক্ষ ত্যাগের সময় এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।

তিনি জানান, বিষয়টি পর্যালোচনা করে দেখা গেছে যে অষ্টম জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির সংশোধনের সময় সংশ্লিষ্ট বিধান থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল। সংসদের কার্যপ্রণালি বিধিসংক্রান্ত স্থায়ী কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই সংশোধনী সংসদে গৃহীত হয়।

স্পিকার আরও বলেন, কার্যপ্রণালি বিধিতে বর্তমানে ‘ঝুঁকিয়া’ শব্দটি না থাকায় সদস্যরা তাঁদের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাতে পারবেন।

এর আগে গত ১৬ জুন সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টির সুরাহা চেয়ে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। তিনি স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতির বিষয়ে আপত্তি উত্থাপন করেন।

মো. মুজিবুর রহমানের দাবি ছিল, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের এ পদ্ধতি ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি ‘শিরকের কাছাকাছি’ চলে যেতে পারে। তার বক্তব্যের পর স্পিকার বিষয়টি কার্যপ্রণালি বিধি অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে সংসদকে জানাবেন বলে আশ্বাস দিয়েছিলেন।

সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের অধিবেশনে বিষয়টি নিয়ে চূড়ান্ত রুলিং প্রদান করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং সংসদ সদস্যদের ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শনের নির্দেশনা দেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ