কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা, শিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণা

কানাইঘাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত; এতিম সন্তানদের শিক্ষাসহ সার্বিক সহযোগিতায় কমিটি গঠনের ঘোষণা দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

by ABDUR RAHMAN
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। নিহতদের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় কানাইঘাট উপজেলার আগতালুক মাঝতালুক পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জমিয়তের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় আলেম-উলামা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজসেবী এবং নিহত পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পক্ষ থেকে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, পরিবারের সুখ-সমৃদ্ধির স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া এসব প্রবাসী শেষ পর্যন্ত লাশ হয়ে দেশে ফিরেছেন, যা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি বলেন, শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সমাজের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।

তিনি আরও জানান, নিহতদের এতিম সন্তানদের পড়াশোনা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। বই, খাতা, কলম, যাতায়াত ব্যয়সহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সরবরাহে দলীয়ভাবে এবং প্রবাসীদের সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় তিনি স্থানীয় বিত্তবানদের অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি পরিবারগুলোর সার্বিক সহযোগিতা ও তদারকির জন্য একটি কমিটি গঠনের ঘোষণাও দেন।

নিহত পাঁচ প্রবাসী হলেন—কানাইঘাট উপজেলার আমরপুর গ্রামের জিবান আহমেদ (৩৫), নিজ গাছবাড়ী গ্রামের আবদুল কাদির (৩০), মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান (২৭), জুবায়ের আহমেদ (২৮) এবং আগতালুক গ্রামের জসিম উদ্দিন (৩৮)। গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। পরে ৩০ জুন তাদের মরদেহ দেশে এনে নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

হাফেজ রফিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা বুরহান উদ্দীন।

এতে আরও উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সিলেট উত্তর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, কানাইঘাট উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহ-সেক্রেটারি মাওলানা হারুন রশীদ, কেন্দ্রীয় যুব জমিয়ত নেতা মাওলানা কালিম মাহফুজ, ওমান জমিয়ত নেতা মাওলানা জাহিদ নাছির, আলহাজ বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষপর্বে নিহতদের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

banner

এ জাতীয় আরো সংবাদ