পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির মাওলানা আহমদ বাটলা

by Hasan Al-Mahmud

পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আলেম মাওলানা আহমদ বাটলা। সাবেক আমির মাওলানা নজরুর রহমানের মৃত্যুর পর রায়বেন্ড মারকাজের জ্যেষ্ঠ মুরব্বিদের পরামর্শক্রমে তাঁকে এই পদে মনোনীত করা হয়।

এর আগে তিনি দীর্ঘদিন সংগঠনটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন
banner

​পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান, ২৪ নিউজ এইচডি এবং ডেইলি আউসাফসহ দেশটির একাধিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

​গত ১৬ নভেম্বর ৯৭ বছর বয়সে মারা যান পাকিস্তান তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা নজরুর রহমান। ২০১৮ সালের নভেম্বরে হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের মৃত্যুর পর তিনি আমিরের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

​রায়বেন্ড মারকাজের জ্যেষ্ঠ মুরব্বি মাওলানা আহমদ বাটলা তাবলিগ জামাতের আন্তর্জাতিক শূরারও একজন সদস্য। দীর্ঘদিন নায়েবে আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রায়বেন্ড মারকাজের শায়খুল হাদিস হিসেবে সুপরিচিত।

​নেতৃত্বের ধারাবাহিকতা

মাওলানা আহমদ বাটলার দায়িত্ব পাওয়ার পেছনে পূর্বনির্ধারিত একটি সাংগঠনিক প্রেক্ষাপট রয়েছে। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন আমির হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাব তাঁর অসিয়তে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তিনজনের নাম প্রস্তাব করে গিয়েছিলেন। তাঁরা হলেন—মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা এবং মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।
​২০১৮ সালে আবদুল ওয়াহাবের মৃত্যুর পর মুরব্বিদের পরামর্শে প্রথমজন অর্থাৎ মাওলানা নজরুর রহমান আমির হন এবং দ্বিতীয়জন হিসেবে মাওলানা আহমদ বাটলা নায়েবে আমিরের দায়িত্ব পান।

নজরুর রহমানের মৃত্যুর পর ধারাবাহিকতা বজায় রেখে এবার আমিরের দায়িত্ব পেলেন আহমদ বাটলা।

চলতি বছরের (২০২৬) রায়বেন্ড বিশ্ব ইজতেমায়ও মাওলানা আহমদ বাটলার বয়ান বিশেষ গুরুত্ব পেয়েছিল। ইজতেমায় আসরের নামাজের পর তিনি প্রথম বয়ান করেন। সেখানে তিনি মুসল্লিদের প্রতি তওবা, আত্মশুদ্ধি এবং নবীদের দাওয়াতি মিশন অনুসরণের আহ্বান জানান।

​আন্তর্জাতিক পর্যায়ে তাবলিগ জামাতের একাধিক নেতৃত্ব ও সাংগঠনিক ধারা সক্রিয় রয়েছে। সেই হিসেবে মাওলানা আহমদ বাটলার এই মনোনয়নকে পাকিস্তানকেন্দ্রিক রায়বেন্ড ধারার নেতৃত্ব পরিবর্তন ও সাংগঠনিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

banner

এ জাতীয় আরো সংবাদ