স্পেনের জয়ে সিজদাহ্ দেওয়ায় মারধরের শিকার বাকপ্রতিবন্ধী যুবক

নবীনগরে ফুটবল ম্যাচের আনন্দ প্রকাশকে কেন্দ্র করে হামলার অভিযোগ; পরিবারের দাবি, অভিযুক্তদের বিচার চান তারা

by ABDUR RAHMAN
স্পেনের জয়ে সিজদাহ্ দেওয়ায় মারধরের শিকার বাকপ্রতিবন্ধী যুবক

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফুটবল ম্যাচের ফল উদ্‌যাপনকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, স্পেনের জয়ে আনন্দ প্রকাশ করে সেজদা দেওয়ায় তাকে হামলার শিকার হতে হয়েছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকাড়া গ্রামের গাংকুলহাটি স্কুল মাঠ (মোল্লার দোকান) এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম আকবর হোসেন ওরফে জনি (২৩)। তিনি ওই গ্রামের শাহনূর মিয়ার ছেলে। বর্তমানে তিনি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন জয়লাভ করার পর আনন্দ প্রকাশ করে আল্লাহর দরবারে সেজদা দেন আকবর। এ সময় একই গ্রামের কয়েকজন আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আব্দুল বাতেনের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং আব্দুল আউয়ালের ছেলে রিফাত (২৩) আকবরকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহত আকবরের চাচাতো ভাই ও সহপাঠী মো. ওবায়দুল্লাহ বলেন, আকবর একজন বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী। শুধু একটি ফুটবল দলের জয়ে আনন্দ প্রকাশ করে সেজদা দেওয়ার কারণে তাকে মারধর করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

পরিবারের সদস্যরা অভিযোগ করেন, একজন প্রতিবন্ধী মানুষের ওপর এ ধরনের হামলা অমানবিক এবং নিন্দনীয়। তারা অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনার বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ