অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সংসদ সদস্য মাওলানা সাইদ উদ্দীন আহমাদ হানজালা প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে ইরান সফরে যাচ্ছেন। আগামীকাল ২ জুলাই সকাল ৭টা ৩০ মিনিটে তিনি ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা হবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিত্ব করবেন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি সমবেদনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেবেন।
বাংলাদেশ খেলাফত মজলিস এক বিবৃতিতে আশা প্রকাশ করেছে, এ সফর বাংলাদেশ ও ইরানের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্বব্যাপী নিপীড়িত ও মজলুম মানুষের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ এবং আন্তর্জাতিক মানবিক সংহতি জোরদারে এ সফর তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, ইরানের রাষ্ট্রীয় ঘোষণার পর প্রকাশিত কর্মসূচি অনুযায়ী প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠান একাধিক ধাপে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের কথা রয়েছে।

