‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে সর্বোচ্চ ১০ শতাংশ’: আল্লামা মামুনুল হক

শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশকে প্রধান লক্ষ্য করার আহ্বান; আগারগাঁওয়ে ছাত্র মজলিসের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

by ABDUR RAHMAN
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে সর্বোচ্চ ১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

ছাত্র সংগঠনের প্রধান কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, দক্ষতা ও যোগ্যতার বিকাশ ঘটানো—এমন অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, একটি আদর্শ ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হতে হবে পড়ার টেবিলে, আর মাঠে-ময়দানে তাদের কার্যক্রম থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিম শাখা এই ‘ক্যারিয়ার গাইডলাইন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করে।

আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে কেবল রাজনীতি বা আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটিকে শিক্ষার্থীদের জ্ঞান ও যোগ্যতা বিকাশের এক বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। কর্মজীবনে ভালো কিছু করতে হলে তার মৌলিক প্রস্তুতি ছাত্রজীবন থেকেই নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, “ছাত্রজীবন ও পরবর্তী জীবনের সম্পর্ক মাতৃগর্ভ ও ভূমিষ্ঠ জীবনের মতো। যে দক্ষতা ছাত্রজীবনে অর্জিত হয় না, পরবর্তীতে তা পূরণ করা কঠিন।”

সমাজ ও রাষ্ট্রে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, জ্ঞান ও গবেষণার মাধ্যমে জাতিকে পথ দেখানোর পাশাপাশি যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা জরুরি। ছাত্র সংগঠনগুলো সাধারণ রাজনৈতিক দলের মতো মাঠমুখী না হয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নেতৃত্বের প্রস্তুতিতে বেশি মনোযোগ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং দেশের সকল শিক্ষাঙ্গনে এই বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র শিক্ষক মুফতি সাইদ আহমাদ, বিশিষ্ট লেখক মাওলানা আবু নাইম ফয়জুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

banner

এ জাতীয় আরো সংবাদ