অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গত দেড় দশকে সংঘটিত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও গণহত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী। সমাবেশ শেষে সংগঠনটির নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেন।
শুক্রবার সকাল ১০টায় শাহবাগ চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফি। অনুষ্ঠানের উদ্বোধন করেন শাপলা চত্বর ও জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ বলেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকে সংঘটিত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের অভিযান এবং জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি শাপলা চত্বরে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।
মুহাম্মদ আব্দুল আজিজ বলেন, জুলাইয়ের আন্দোলন কেবল সরকার পরিবর্তনের জন্য ছিল না; এটি ছিল বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। এ লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রীয় সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত, ছাত্ররাজনীতিতে সন্ত্রাস ও দখলদারিত্বের অবসান এবং শিক্ষার্থীদের মতপ্রকাশ ও নিরাপদ শিক্ষার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আদনান রাফি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রসমাজ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অঙ্গীকার রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি প্রিন্সিপাল রাকিবুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ এবং মুহাম্মাদ দিদারুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মিজানুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত হুসাইন হাসিব, বায়তুল মাল সম্পাদক আহমদ মুরসালিন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এহসান সাজিদসহ সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা।

