২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: সরকারি সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা, কমেছে বিমানভাড়া

সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ ঘোষণা; অতিরিক্ত তিনটি প্যাকেজ চালুর সুযোগ থাকবে এজেন্সিগুলোর।

by ABDUR RAHMAN
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

২০২৭ সালের হজ উপলক্ষে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের ভিত্তিতে নির্ধারিত এসব প্যাকেজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এ সময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। পাশাপাশি হজ এজেন্সিগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত তিনটি প্যাকেজ চালু করতে পারবে। তবে সরকার ঘোষিত সাশ্রয়ী প্যাকেজের চেয়ে কম সেবা দিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না।

ধর্মমন্ত্রী জানান, এবার হজযাত্রীদের বিমানভাড়া প্রায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা সামগ্রিক প্যাকেজের ব্যয় কমাতে সহায়তা করবে।

সরকারি হজ প্যাকেজ-১-এর আওতায় হজযাত্রীরা মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে আবাসনের সুবিধা পাবেন। মদিনায় থাকবে মারকাজিয়া এলাকায় থাকার ব্যবস্থা। মিনায় জোন-২-এ তাঁবু বরাদ্দ থাকবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা ও মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণভাবে সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজ সুবিধাও নেওয়া যাবে।

অন্যদিকে হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এ মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, তবে মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে থাকার ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা থাকবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’-এর আওতায় সেবা ও খাবার সরবরাহ করা হবে।

মন্ত্রী আরও জানান, হোটেলের অবস্থান যদি দুই কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী হজযাত্রীদের জন্য সালাওয়াত বাসের ব্যবস্থা রাখা হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ