অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
২১ আগস্ট গ্রেনেড হামলায় সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা চেষ্টার মামলায় হাফেজ নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
বৃহস্পতিবার (২৬ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল আজিজ, সভাপতি পরিষদ সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ এবং মোহাম্মদ দিদারুল ইসলাম এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় বিশেষ ট্রাইব্যুনালের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী ও জি কে গউসসহ আটজন আসামি খালাস পেলেও হাফেজ নাঈমকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
তাদের ভাষ্য, কোনো অকাট্য বা বস্তুগত প্রমাণ ছাড়াই শুধুমাত্র ১৬৪ ধারার কথিত মৌখিক জবানবন্দির ভিত্তিতে একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী। তারা আরও দাবি করেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং তদন্ত প্রক্রিয়াও ছিল একপেশে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, অন্য আসামিরা খালাস পেলেও একজন দ্বীনি ছাত্রকে মৃত্যুদণ্ড দেওয়া বৈষম্যমূলক। তাদের দাবি, পুরো তদন্তের লক্ষ্য ছিল নির্দিষ্ট কিছু ব্যক্তি ও আলেম-ওলামাকে ফাঁসানো।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেতৃবৃন্দ এই রায়ের পুনর্বিবেচনা, নিরপেক্ষ তদন্ত এবং উচ্চ আদালতে যথাযথ আইনি পর্যালোচনার দাবি জানান।

