অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজধানীর ঢাকা কলেজে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের গ্যালারি-২ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সহপাঠীরা। তাকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রশিবিরের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভার প্রস্তুতি চলছিল। গ্যালারি-২ এলাকায় ব্যানার, পোস্টার ও সাজসজ্জার কাজ করার সময় ছাত্রদলের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অতর্কিত হামলা চালায়।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন শেখ বলেন, অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে সাজসজ্জার কাজ চলাকালে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে একদল নেতাকর্মী হামলা চালায়। এতে আব্দুল মালেকসহ প্রায় ২০ জন আহত হন। তিনি অভিযোগ করেন, আব্দুল মালেকের মাথায় গুরুতর আঘাত করা হয়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে, ছাত্রদলের নেতাকর্মীরা হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, শিবিরের কর্মীরাই প্রথমে তাদের ওপর হামলার চেষ্টা করে। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তারা অবস্থান নিয়েছিলেন। ছাত্রদলকর্মী মো. রাসেলের অভিযোগ, শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগতরা ক্যাম্পাসে এসে উসকানিমূলক আচরণ করে এবং তাদের এক কর্মীকে মারধর করে। এরপরই সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের পর ঢাকা কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়েছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, সকাল থেকে ক্যাম্পাসে নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলছিল। একটি মিছিলকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের সংঘর্ষের বিষয়ে শুরুতে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে পরে সংঘর্ষের খবর আসে। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে ছাত্রলীগের কর্মী সন্দেহে মারধরের অভিযোগও পাওয়া গেছে বলে তিনি জানান।
উল্লেখ্য, একই দিনে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একদিনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আর/

