অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে কওমি ছাত্র ঐক্য পরিষদ ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছিল, আলোচনার মাধ্যমে তার অবসান হয়েছে। সমঝোতা অনুযায়ী, কলেজের মূল ক্যাম্পাসে নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে সেখানে কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর বাসভবনে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা আব্দুল খালেকের নেতৃত্বে ৭-৮ সদস্যের একটি প্রতিনিধি দল এবং কলেজ কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠক শেষে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা আব্দুল খালেক বলেন, সংসদ সদস্যের সঙ্গে আলোচনার পর সরকারি কলেজের মূল মাঠে কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান না করার বিষয়ে সমঝোতা হয়েছে।
দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘অশ্লীলতা হবে না’—এই শর্তে ভেতরের মাঠে অনুষ্ঠান করার বিষয়ে তারা একমত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। মূল ক্যাম্পাসে নবীনবরণ ও আলোচনা সভা এবং দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, কলেজের সংশ্লিষ্ট ব্যক্তি ও মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে।
এর আগে নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনের খবর ছড়িয়ে পড়লে এর বিরোধিতা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে কলেজের মূল মাঠে কনসার্ট আয়োজন বন্ধের দাবি জানানো হয়।
বৈঠকের পর কওমি ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক পেজে জানানো হয়, কলেজ মাঠে কনসার্ট স্থগিতের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে নিয়েছে। একই সঙ্গে নবীনবরণ, বৃক্ষরোপণসহ অন্যান্য সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে মতামত দেওয়া হয়েছে।
ফলে নবীনবরণকে কেন্দ্র করে কনসার্ট আয়োজন নিয়ে কয়েক দিন ধরে চলা বিরোধের অবসান হলো। সমঝোতা অনুযায়ী, মূল ক্যাম্পাসে নবীনবরণ ও আলোচনা সভা এবং দক্ষিণ ক্যাম্পাসে নির্ধারিত শর্ত মেনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

