ধূপখোলা মাঠে ফরিদাবাদের ৭০ সালা সম্মেলন শুরু, রাতে সবক দেবেন মুফতি তাকী উসমানী

by Hasan Al-Mahmud

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল চারটায় রাজধানীর ধূপখোলা মাঠে তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের সূচনা হয়। সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার ফুজালা বা ফারেগিনকে (সমাপনী শিক্ষার্থী) সম্মাননা পাগড়ি বা ‘দস্তারে ফজিলত’ পরানো হবে। সম্মেলন শুরুর পরপরই কয়েক হাজার ফারেগিন ধূপখোলা মাঠে জড়ো হন।

শাইখুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করছেন মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল।

বিজ্ঞাপন
banner

প্রথম দিনের আলোচনা ও পাগড়ি প্রদান

প্রথম দিনের আলোচনায় বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এ ছাড়া আজ রাত আটটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে হাদিসের সবক দেবেন পাকিস্তানের বিশিষ্ট আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী।

সম্মেলনের প্রথম দিনেই প্রায় তিন হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হচ্ছে। পরবর্তী দুই দিনে পর্যায়ক্রমে অন্য ফুজালাদেরও সম্মাননা পাগড়ি পরানো হবে। এ উপলক্ষে ঢাকার বাইরে থেকে বিপুলসংখ্যক ফুজালা ইতিমধ্যে রাজধানীতে পৌঁছেছেন।

May be an image of speaker, crowd and text

দেশ-বিদেশের অতিথি ও প্রস্তুতি

আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এই মহাসম্মেলন। এতে অংশ নিতে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, গবেষক ও অতিথিরা ঢাকায় এসেছেন। বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি, মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা ফয়সাল নাদিম ও মাওলানা সাইয়িদ আজহার মাদানী। পাশাপাশি মাওলানা ইলিয়াস ঘুম্মান, মাওলানা আওরঙ্গজেব ফারুকি এবং দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানীরও অংশ নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী ও মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর।

সম্মেলন উপলক্ষে প্রায় আট একর বিস্তৃত ধূপখোলা মাঠে মূল মঞ্চ, প্যান্ডেল, অতিথিদের অপেক্ষাকক্ষ, তথ্য যাচাই ও জরুরি নিবন্ধন কাউন্টার, পাগড়ি জোন, স্টল মার্কেট এবং গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া কাউন্টার তৈরি করা হয়েছে। সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন স্বেচ্ছাসেবকেরা।

banner

এ জাতীয় আরো সংবাদ