প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি সংগীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা।
তিনি বলেন, ধর্মীয় শিক্ষা যতদিন থাকবে, ততদিন ইসলাম টিকে থাকবে। আর ইসলাম টিকে থাকলে এই পৃথিবীও টিকে থাকবে। তাই প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং প্রাথমিক পর্যায় থেকে সংগীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ বাতিল করতে হবে।
শনিবার (২১ নভেম্বর)গাজীপুরের কাপাসিয়ার দেওনা মাদরাসা প্রাঙ্গণে কওমি মাদরাসা শিক্ষক পরিষদের ওলামা সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কওমি মাদরাসা শিক্ষক পরিষদের মহাসচিব মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের কওমি মাদরাসার শিক্ষক ও আলেম-ওলামারা অংশ নেন।
পীর সাহেব দেওনা বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও চরিত্র গঠনের প্রধান ভিত্তি। একটি আদর্শ ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিশ্চিত করতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।
মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, ইসলামের বিষয়ে দেশের সব আলেম-ওলামা ঐক্যবদ্ধ। ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। ইসলামের মৌলিক আদর্শ ও মূল্যবোধ রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, শিক্ষার সব স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা গোলাম আম্বিয়া,মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফ, মুফতি আব্দুল মজিদ, মাওলানা আব্দুল বাতেন কাসেমী,মাওলানা জাকারিয়া ও মুফতি ইমরানুল বারী সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও শিক্ষকরা।

