চরমোনাই পীরের বক্তব্য বিকৃত উপস্থাপনের প্রতিবাদ জানাল ইসলামী আন্দোলন

by Hasan Al-Mahmud

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-এর সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম, ফটোকার্ড ও ব্যাখ্যা প্রচার করা হচ্ছে। আমরা এ ধরনের খণ্ডিত ও উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনায় উদ্বেগ প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

পীর সাহেব চরমোনাই তাঁর বক্তব্যে আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জনগণের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তা বন্ধ করার বিষয়ে তিনি সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। একই সঙ্গে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

বিজ্ঞাপন
banner

তিনি মূলত বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে। কোনো দল বা গোষ্ঠীর কর্মকাণ্ডে যদি দেশ, জনগণ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনায় বসে দেশের স্বার্থে সংকটের সমাধান করতে হবে।

অথচ তাঁর বক্তব্যের একটি অংশকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে, তিনি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কিংবা দলটির কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন। এটি তাঁর বক্তব্যের মূলভাব ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্যের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা নয়; বরং দেশের চলমান অস্থিতিশীলতা, সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে জনগণের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ এবং জাতীয় স্বার্থ রক্ষা করা। তিনি তাঁর বক্তব্যের শেষাংশেও স্পষ্ট করেছেন, আমাদের কাজ হতে হবে ইসলাম ও দেশের স্বার্থে; কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়।

গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও মূলভাব বিবেচনায় নিন। কোনো বক্তব্যের একটি অংশকে আলাদা করে এমন শিরোনাম বা ফটোকার্ড তৈরি করবেন না, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে কিংবা বক্তার প্রকৃত অবস্থান সম্পর্কে ভুল ধারণা দেয়। ইতোমধ্যে যেসব গণমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড প্রকাশিত হয়েছে, সেগুলো সংশোধন করে বক্তব্যের যথাযথ অর্থ ও প্রেক্ষাপট তুলে ধরার অনুরোধ জানাচ্ছি।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের প্রতি আহ্বান— যাচাই-বাছাই ছাড়া কোনো মন্তব্য, অপব্যাখ্যা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় অংশ নেবেন না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই মতপার্থক্যের কারণে কারও বক্তব্য বিকৃত করা কিংবা জনমনে বিভ্রান্তি ছড়ানো কোনোভাবেই কাম্য নয়।

আমরা আশা করি, সংশ্লিষ্ট গণমাধ্যম, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকবেন।

দেশের স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে আমাদের এই ভূমিকা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

banner

এ জাতীয় আরো সংবাদ