ক্ষমতা টিকিয়ে রাখতে মুসলমানদের মধ্যে লড়াই হতে দেব না: আখুন্দজাদা

by Hasan Al-Mahmud

নিজের ক্ষমতা বা পদ টিকিয়ে রাখার জন্য মুসলমানদের মধ্যে কোনো ধরনের লড়াই বা সংঘাত হতে দেবেন না বলে জানিয়েছেন আফগানিস্তানের ইসলামিক এমিরেটের সর্বোচ্চ নেতা শায়খ হিবাতুল্লাহ আখুন্দজাদা। একই সঙ্গে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থা রক্ষার আহ্বান জানিয়েছেন।

আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর কাবুল বিশ্ববিদ্যালয়ে ইসলামিক এমিরেটের নেতৃত্বের জারি করা ফরমানগুলোর প্রভাব নিয়ে আয়োজিত এক বৈজ্ঞানিক ও গবেষণা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

আখুন্দজাদা বলেন, আফগানিস্তান এখন ‘ফিতনা’ বা বিশৃঙ্খলার সময় কাটিয়ে উঠেছে। বর্তমানে দেশের এক ইঞ্চি জমিও অন্য কারো নিয়ন্ত্রণে নেই বলে তিনি দাবি করেন। ইসলামিক এমিরেটকে অবশ্যই রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি আফগান জনগণকে ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান।

মুসলমানদের এক দেহের মতো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তালেবান প্রধান বলেন, ইসলামি শিক্ষা প্রচার, জনমত গঠন এবং সাধারণ মানুষের কাছে ইসলামিক এমিরেটের নীতি ও আদর্শ তুলে ধরার ক্ষেত্রে আলেমদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পবিত্র কোরআনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে উল্লেখ করে আখুন্দজাদা বলেন, নেতার প্রতি সম্মান প্রদর্শন মূলত জনগণের প্রতিই সম্মান প্রদর্শনের শামিল। এছাড়া অন্যায় প্রতিরোধ করতে গিয়ে কেউ নিহত হলে তিনি ‘সর্বোত্তম শহীদ’ হিসেবে গণ্য হবেন বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামি আইন প্রয়োগের বিষয়ে আখুন্দজাদা বলেন, তার নির্বাহী আদেশ ছাড়া শরিয়াহ নির্ধারিত ‘কিসাস’ (মৃত্যুদণ্ড বা প্রতিশোধমূলক শাস্তি) এবং অন্যান্য দণ্ড কার্যকর করা যাবে না। ইসলামিক এমিরেট ছাড়া শরিয়াহ বাস্তবায়ন সম্ভব নয় বলেও তিনি দাবি করেন।

এদিকে ওই সম্মেলনে আফগানিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেমরা হিবাতুল্লাহ আখুন্দজাদাকে ‘শায়খুল ইসলাম’ উপাধিতে ভূষিত করেন।

banner

এ জাতীয় আরো সংবাদ