পাকিস্তানের বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ, জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানির পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সংগঠনটি বলেছে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমের সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এনওসি প্রদান না করে এই সফরকে অনিশ্চিত করে তোলা স্বরাষ্ট্রমন্ত্রীর চরম ব্যর্থতা।
আজ শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, মুফতি মুহাম্মদ তাকি উসমানি সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম। হাদিস, ফিকহ, ইসলামি আইন ও অর্থনীতিতে তাঁর দীর্ঘদিনের গবেষণা ও অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাঁর বাংলাদেশ সফর এ দেশের আলেম-ওলামা ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এমন একটি সফর স্থগিত হওয়া বাংলাদেশের আলেম ওলামাদের আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক যোগাযোগের ক্ষেত্রেও একটি অপূরণীয় ক্ষতি।
তিনি বলেন, কোনো নিরাপত্তাগত আশঙ্কা থাকলে তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করাই দায়িত্বশীল রাষ্ট্রীয় আচরণ। কিন্তু নিরাপত্তার প্রশ্ন সামনে আসার পর যদি একজন সম্মানিত আন্তর্জাতিক ব্যক্তিত্বের সফর স্থগিত হয়ে যায়, তাহলে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মুফতি ইনজিমামুল ইসলাম বলেন,
এ সফরকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি বাংলাদেশের ভাবমূর্তির জন্যও বিব্রতকর। এমন একজন বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদের সফর নির্বিঘ্ন করতে না পারা আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তা দিতে পারে।
তিনি আরও বলেন, সরকারকে এ ঘটনার দায় এড়িয়ে না গিয়ে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট করতে হবে এবং ভবিষ্যতে যেন কোনো আন্তর্জাতিক ব্যক্তিত্বের সফর এভাবে অনিশ্চয়তার মুখে না পড়ে, সে জন্য কার্যকর নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে দ্রুত মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফরের অনুকূল পরিবেশ তৈরি করবে। একই সঙ্গে তাঁরা দেশবাসীকে শান্ত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

