কটু ভাষা পরিহার করে ইসলামী অঙ্গনের বিচ্ছিন্ন শক্তি ঐক্যবদ্ধ করার আহ্বান আমীরে মজলিসের

by Hasan Al-Mahmud

কটু ভাষা পরিহার করে পরস্পরের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে ইসলামী অঙ্গনের বিচ্ছিন্ন শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, নীতির প্রশ্নে অটল থাকলেও বক্তব্য ও আচরণে নম্রতা বজায় রেখে একটি বৃহত্তর ইসলামী শক্তির উত্থানে ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

বন্ধুপ্রতিম ইসলামী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে আল্লামা মামুনুল হক বলেন, ‘নীতির প্রশ্নে অটল থাকতে হবে, তবে বক্তব্য ও আচরণে নম্রতা বজায় রাখতে হবে। অন্য সংগঠনগুলোর প্রতি কটু ভাষা প্রয়োগ না করে ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। ইসলামী অঙ্গনের বিচ্ছিন্ন শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে একটি বৃহত্তর ইসলামী শক্তির উত্থানে বাংলাদেশ খেলাফত মজলিসকে ভূমিকা রাখতে হবে।’

সংগঠনের আদর্শ ও লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস তার আদর্শ ও লক্ষ্য নিয়ে কখনো দ্বিধান্বিত ছিল না। ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক যে আদর্শিক ভিত্তির ওপর সংগঠনটির যাত্রা শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতায় কোরআন-সুন্নাহর নির্দেশনা ও পূর্বসূরি আকাবিরদের পদাঙ্ক অনুসরণ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তারা কাজ করছেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনের অবস্থান নিয়ে মামুনুল হক বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ উত্তরণপর্ব অতিক্রম করছে। দীর্ঘদিন ধরে প্রান্তিক অবস্থানে থাকা কওমি ধারার রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এ অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা, ভারসাম্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।’

জাতীয় ঐক্য ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি দল হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সরকার গঠন করার পর সেই ব্যর্থতা আরও বেড়েছে। রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে দলটি নিজেদের জন্য আত্মঘাতী পরিস্থিতি সৃষ্টি করেছে। তবে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে এই ঐক্যের ফাটল মেরামতের প্রধান দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেন তিনি।

গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে মামুনুল হক বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে যে বিপুল জনমত এসেছে, সেই গণরায়কে সম্মান করতে হবে এবং জুলাই সনদের যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সরকার ও বিএনপি ভুল পথে পরিচালিত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পিছপা হবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নায়েবে আমীর মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা রাকীবুল ইসলাম, মাওলানা মুর্শিদ সিদ্দিকী, মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা জাকির হুসাইন, মাওলানা আল আবিদ শাকির, মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ ও মুহাম্মাদ কামাল উদ্দীন প্রমুখ।

কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হাবীবুল্লাহ মিসবাহর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ইমদাদ আশরাফ, মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা মোশাররফ হুসাইন লাবিব, মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ, মাহমুদুল হাসান সাগর, আশরাফুল ইসলাম সাদ ও মাহদী হাসান শিকদার প্রমুখ। সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম।

banner

এ জাতীয় আরো সংবাদ