পাকিস্তানের প্রখ্যাত আলেম ও বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ছাড়পত্র (ক্লিয়ারেন্স) না মেলায় শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (২০ নভেম্বর) হুদহুদ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ।
সফর স্থগিতের বিষয়ে তিনি জানান, ‘সরকার এখন সেফ মনে করতেছে না। সরকারের পক্ষ থেকে নিউজ গেছে না আসার জন্য, আপাতত। আপাতত না আসার জন্য, স্থগিত রাখার জন্য সরকারের অনুমতি অনুরোধ করছে, দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে।’
জানা গেছে, বর্তমান প্রেক্ষাপটে তাকে বাংলাদেশে আনা নিরাপদ নয় বলে শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত নিরাপত্তাজনিত শঙ্কার কারণেই তার এবারের বাংলাদেশ সফর স্থগিত করতে হয়েছে।
প্রসঙ্গত, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনের সফরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মুফতি তাকি উসমানীর।

