পাকিস্তানের প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন ত্বহা মাহমুদ। তিনি জানতে চেয়েছেন, পাকিস্তান থেকে শিল্পী আতিফ আসলাম বাংলাদেশে এসে কনসার্ট করতে পারলে একজন আলেমের সফরে কেন বাধা দেওয়া হবে।
শুক্রবার নিজের বক্তব্যে ত্বহা মাহমুদ বলেন, ‘আতিফ আসলাম যদি পাকিস্তান থেকে বাংলাদেশে এসে কনসার্ট করতে পারেন, তাহলে বিচারপতি মুফতি তাকী উসমানি কেন বাংলাদেশে আসতে পারবেন না? শিল্পীর জন্য দরজা খোলা, আর একজন আলেমের জন্য বাধা! ব্যাখ্যা কী?’ পাশাপাশি তিনি দাবি করেন, ‘দিল্লি থেকে অনুমতি মেলেনি।’
এদিকে, শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ জানান যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ছাড়পত্র বা ক্লিয়ারেন্স না মেলায় শেষ মুহূর্তে মুফতি তাকি উসমানির সফর স্থগিত করা হয়েছে। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে তাকে বাংলাদেশে আনা নিরাপদ নয় বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এবং দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আপাতত না আসার জন্য স্থগিত রাখার বিষয়ে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনের সফরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মুফতি তাকি উসমানির। তবে সফর বাতিল ও ত্বহা মাহমুদের উত্থাপিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা সরকারি কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

