মধ্যরাতে এমপি নুসরাতের পৈতৃক বাড়িতে পেট্রল বোমা হামলার অভিযোগ, নেপথ্যে আওয়ামী লীগ বলে দাবি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে মধ্যরাতে পেট্রল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি অভিযোগ করেছেন, এই হামলার পেছনে সরাসরি আওয়ামী লীগের হাত রয়েছে।

by ABDUR RAHMAN
মধ্যরাতে এমপি নুসরাতের পৈতৃক বাড়িতে পেট্রল বোমা হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে মধ্যরাতে পেট্রল বোমা হামলা ও অগ্নিসংযোগের মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন
banner

গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার পর ঘটা এই নাশকতার ঘটনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে এমপি নুসরাত বলেন, ‘ঘটনাটি দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। মধ্যরাত্রে সিসিটিভির সময় ধরে যদি বলি, তবে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। ব্লাস্টের ধরন দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে।’ তিনি আরও জানান, এই হামলায় একটি শিশু আহত হয়েছে এবং তার পরিবারের দেখভাল করা তত্ত্বাবধায়ক পরিবারের গবাদিপশু ও খামারের অনেকগুলো ছাগল ও মুরগি পুড়ে মারা গেছে। বাড়িটি পরিত্যক্ত ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, এটি তার দাদার তৈরি বসতবাড়ি, যেখানে তিনি ও তার ভাই বড় হয়েছেন এবং বর্তমানে তাদের গবাদিপশুর খামার ও রক্ষনাবেক্ষণকারী পরিবারটি বসবাস করত।

প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নুসরাত জানান, ঘটনার এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দমকল বাহিনী পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত আলামত সংগ্রহ করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেদিকে গিয়েছে, তাতে সাধারণ বা অসাধারণ বলে কিছু নেই। সংসদে দাঁড়িয়ে খুব স্মার্টভাবে কথা বললেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা দেওয়া যাবে না।’

হামলার নেপথ্য কারণ ও হুমকি প্রসঙ্গে তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে একাধিকবার স্প্যাম নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং গত মঙ্গলবার এ বিষয়ে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। হামলার ঠিক তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এক পলাতক নেতার ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক বা হুমকি স্বরূপ পোস্ট দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। এটি স্থানীয় কোনো বিরোধ নয় উল্লেখ করে তিনি সরাসরি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি আওয়ামী লীগেরই কাজ।’

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের এমপিদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ নিয়ে কড়া সমালোচনা করেছেন এই সংসদ সদস্য।

সাম্প্রতিক মাসগুলোতে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক মেরুকরণ, নিরাপত্তা নিয়ে জনমনে শঙ্কা এবং বিগত সরকারের বিভিন্ন নেতাকর্মীদের অনলাইন তৎপরতা ও পাল্টাপাল্টি হুংকার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে বিরোধী দলের তরুণ রাজনৈতিক নেতাদের ওপর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হামলা বা নাশকতার হুমকি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক নিরাপত্তার প্রশ্নটিকে নতুন করে সামনে এনেছে।

banner

এ জাতীয় আরো সংবাদ