পঞ্চগড়ে এক টাকায় চার লাউ, ঢাকায় দাম ৪০ টাকা: সিন্ডিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য ডাকসু ভিপি সাদিক কায়েমের

সারের ডিলারশিপে দুর্নীতি ও সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের নিঃস্ব করার তীব্র সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, মাফিয়াদের হাত থেকে দেশ ও কৃষককে বাঁচাতে হবে।

by ABDUR RAHMAN
সিন্ডিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য ডাকসু ভিপি সাদিক কায়েমের

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

পঞ্চগড়ে কৃষকদের কাছ থেকে মাত্র এক টাকায় চারটি লাউ বিক্রি হলেও ঢাকার খুচরা বাজারে প্রতিটি লাউয়ের দাম ৪০ টাকার ও বেশি—এমন বৈষম্যের চিত্র তুলে ধরে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশের কৃষিখাত ও বাজারের এই চরম নৈরাজ্যের তীব্র সমালোচনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে ডাকসু ভিপি বলেন, পঞ্চগড়ে নামমাত্র মূল্যে অর্থাৎ এক টাকায় চারটা লাউ বিক্রি করতে বাধ্য হচ্ছেন প্রান্তিক কৃষকরা। অথচ রাজধানী ঢাকার খুচরা বাজারে এসে প্রতিটি লাউয়ের দাম গিয়ে ঠেকছে ৪০ টাকার ওপরে। কৃষকদের ঘামে উৎপাদিত ফসলের লাভের পুরো টাকাই চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের পকেটে। এই সিন্ডিকেটগুলো কারা পরিচালনা করছে, তা দেশবাসীর অজানা নয় বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি আরও যোগ করেন, একদল সিন্ডিকেট তৈরি করে কৃষকদের পথে বসানো হবে, আর অন্যদিকে ‘কৃষক কার্ড’-এর গল্প শোনানো হবে—এটাই মূলত তাদের কার্ডের রাজনীতি।

পোস্টে সার ব্যবস্থাপনা ও ডিলারশিপ নিয়েও নজিরবিহীন দুর্নীতির গুরুতর অভিযোগ তোলেন সাদিক কায়েম। তিনি দাবি করেন, সারা দেশে সারের ডিলারশিপ বরাদ্দের ক্ষেত্রে চরম অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। কোনো ধরনের নিয়মনীতি বা যোগ্যতার তোয়াক্কা না করে বিএনপির বিভিন্ন সংসদ সদস্য বা নেতাদের দলীয় নেতাকর্মী ও নিজেদের আত্মীয়স্বজনদের কাছে ১৫ থেকে ২০ লাখ টাকার বিনিময়ে একেকটি ডিলারশিপ বিক্রি করেছেন।

সাদিক কায়েম ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে সঠিক সময়ে সার না পাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ দিন দিন বেড়েই চলেছে, অন্যদিকে সাধারণ ক্রেতারা চড়া দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। দেশের এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষ ও কৃষকদের স্বার্থ রক্ষায় অবিলম্বে এই মাফিয়া চক্রের কবল থেকে দেশকে মুক্ত করার জোরালো আহ্বান জানান তিনি।

banner

এ জাতীয় আরো সংবাদ