অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের প্রতি কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে বিলম্ব বা ব্যত্যয় ঘটলে সরকারকে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী আমলের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, গণভোটের রায়কে সম্মান জানিয়ে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জনগণের ভোটে পাওয়া ম্যান্ডেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার যদি জুলাই আন্দোলনের চেতনার ভিত্তিতে দায়িত্ব গ্রহণ করে থাকে, তাহলে সেই অঙ্গীকার থেকে সরে আসার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে রাজনৈতিকভাবে তার জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইতিহাসের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনের গণরায়ের প্রতি অবজ্ঞার পরিণতি পাকিস্তানকে বহন করতে হয়েছিল। একইভাবে জনগণের বর্তমান রায়ের প্রতি উপেক্ষা অব্যাহত থাকলে তারও রাজনৈতিক পরিণতি হতে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে জনগণের অংশগ্রহণ দেশের মানুষের গণতান্ত্রিক প্রত্যাশার বহিঃপ্রকাশ। এ ম্যান্ডেটকে উপেক্ষা বা খাটো করে দেখার সুযোগ নেই।
সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গেও বক্তব্য দেন মামুনুল হক। এ বিষয়ে তিনি বলেন, শুরু থেকেই রাষ্ট্রপতির পদ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট ছিল। পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তনের মধ্য দিয়ে সরকারের সিদ্ধান্ত সেই বাস্তবতাকেই প্রতিফলিত করেছে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী এবং জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

