সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের তীব্র নিন্দা এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান; রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতের দাবি মাওলানা জালালুদ্দীন আহমদের

by ABDUR RAHMAN
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

সাভারের তারাপুর ঈদগাহ মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৭ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সাভারের বিস্ফোরণের ঘটনা দেশের রাজনৈতিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নাহিদ ইসলাম, সারজিস আলম ও আখতার হোসেনসহ তরুণ নেতৃত্ব জনগণের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের সব রাজনৈতিক দলের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লব, এর নেতৃত্ব এবং জুলাই-যোদ্ধাদের নিয়ে একটি মহলের কটাক্ষ, বিদ্বেষমূলক বক্তব্য ও উসকানিমূলক প্রচারণা উদ্বেগজনক। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষ একই ধরনের মানসিকতার বহিঃপ্রকাশ। তার দাবি, সাভারের বিস্ফোরণের পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত প্রয়োজন।

মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা ভীতির রাজনীতিতে বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি সরকার ও সব রাজনৈতিক পক্ষের প্রতি শান্তিপূর্ণ, সহনশীল ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

banner

এ জাতীয় আরো সংবাদ