‘বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে’ — মাওলানা মামুনুল হক

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ, সীমান্তে পুশইনের অভিযোগ এবং মোহাম্মদপুরে মাদক-সন্ত্রাস বন্ধে কঠোর হুঁশিয়ারি

by Master Fatih
মাওলানা মামুনুল হক

নিজেস্ব প্রতিবেদক । হুদহুদ নিউজ

রাজধানীর মোহাম্মদপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মোহাম্মদপুরস্থ কওমি মাদরাসাসমূহের ঐক্যবদ্ধ ফোরাম “ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া”। একইসঙ্গে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদও জানানো হয়।

বিজ্ঞাপন
banner

সোমবার (১১ মে) মোহাম্মদপুর টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক।

মাওলানা মামুনুল হক বলেন, পার্শ্ববর্তী একটি দেশ কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে এবং দেশের মানুষের ভোটাধিকার হরণে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, “তাদের একজন দাসীকে এদেশের ক্ষমতায় বসানো হয়েছিল। কিন্তু দেশের মানুষ তাকে দেশ থেকে বিতাড়িত করেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এটি মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

মোহাম্মদপুরের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে মাওলানা মামুনুল হক বলেন, “মোহাম্মদপুরকে সন্ত্রাসের আস্তানায় পরিণত করা হয়েছে। সন্ধ্যার পর পুরো এলাকা একটি ভূতুড়ে জনপদে পরিণত হয়।”

তিনি অভিযোগ করেন, প্রশাসন আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তার ভাষায়, “আমরা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবো। অপরাধীরা যদি গণরোষের শিকার হয়, তার দায় প্রশাসনকেই বহন করতে হবে।”

ভারতে মুসলিম নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে মুসলিমদের নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে “পুশইন” করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সরকারের প্রতি সীমান্তে কঠোর পাহারা বসানো এবং ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কূটনৈতিক বার্তা দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা জুবায়ের ও মুফতি ওমর ফারুক।

মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, “মোহাম্মদপুর আজ আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। প্রায়ই ছিনতাই ও হত্যার সংবাদ আসছে।”

তিনি আরও বলেন, “সীমান্ত হত্যা, খুন ও ধর্ষণের ঘটনায় দেশবাসী উদ্বিগ্ন। কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনা দেশকে নাড়া দিয়েছে।”

একইসঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, “তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত।”

banner

এ জাতীয় আরো সংবাদ