ইতালিতে পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাইকে হত্যা, ভিডিও কলে মরদেহ দেখিয়ে স্বীকারোক্তি বড় ভাইয়ের

তালাক নিয়ে বিরোধের জেরে ঘটে হত্যাকাণ্ড, অভিযুক্ত গ্রেপ্তার

by ABDUR RAHMAN
নিহত ছোট ভাই নয়ন ফকির

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইতালিতে প্রবাসী বাংলাদেশি দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইকে হত্যা করেছেন বড় ভাই। হত্যার পর ভিডিও কলে পরিবারের সদস্যদের মরদেহ দেখিয়ে নিজের অপরাধ স্বীকার করেন তিনি।

বিজ্ঞাপন
banner

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে। অভিযুক্ত হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে তার ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করে হত্যা করেন।

জানা গেছে, নিহত ও অভিযুক্ত দুজনই মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছিলেন।

হত্যার পর হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়নের মরদেহ দেখান এবং এ সময় তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে ইতালির পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিহতের এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে জানান, হুমায়ুন ফকির প্রায় ১২ বছর ধরে ইতালিতে প্রবাসী। তিনি প্রথমে লিবিয়া যান এবং পরে সেখান থেকে ইতালিতে পাড়ি জমান।

২০২৩ সালে বড় ভাইয়ের সহায়তায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যান। সেখানে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

জানা যায়, হুমায়ুন ফকির দুটি বিয়ে করেছিলেন এবং ঘটনার দিন তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা ছিল। এ সিদ্ধান্তে আপত্তি জানান ছোট ভাই নয়ন, যা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি তাকে অবগত করা হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ