নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন রয়েছেন। অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে আহত হয়েছেন রাজারহাট উপজেলা শাখার সভাপতি মো. সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে সেই উত্তেজনা সরাসরি সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক আছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
—
ট্যাগ: কুড়িগ্রাম, রাজারহাট, ছাত্রদল, ছাত্রশিবির, সংঘর্ষ, বাংলাদেশ রাজনীতি, সহিংসতা

