বাকৃবিতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি শুরু, মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতিতে একজনের ভর্তি বাতিল

প্রথম দিনেই ৪৪৬ শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন, নথি জালিয়াতি ধরা পড়ায় প্রশাসনের কঠোর অবস্থান

by ABDUR RAHMAN
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-তে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বিজ্ঞাপন
banner

রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে মোট ১,০০৬টি আসনের বিপরীতে প্রথম দিনেই ৪৪৬ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন। এর মধ্যে ২৩৯ জন ছাত্র এবং ২০৭ জন ছাত্রী রয়েছেন। বাকি আসনগুলোতে ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। তবে ভর্তি কার্যক্রমের প্রথম দিনেই একটি অনিয়মের ঘটনা সামনে আসে। মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হতে এসে এক শিক্ষার্থী তার নানার মুক্তিযোদ্ধা সনদ বাবার নামে উপস্থাপন করেন। নথি যাচাইয়ের সময় এ অসংগতি ধরা পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির জানান, সংশ্লিষ্ট প্রার্থী জাল তথ্য দিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি শনাক্ত হওয়ার পর তার ভর্তি বাতিল করা হয় এবং মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বিষয়টি প্রশাসনিকভাবে নিষ্পত্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভর্তি প্রক্রিয়ায় নথি যাচাই আরও কঠোর করা হবে। ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন করছেন। প্রথমে প্রশাসনিক ভবনের সামনে রিপোর্টিংয়ের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর শিক্ষার্থীরা স্বাস্থ্যকেন্দ্রে ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে কাগজপত্র যাচাই শেষে সম্মেলন কক্ষে আর্থিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

ভর্তি হতে আসা এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ এবং ভর্তি প্রক্রিয়ার সুশৃঙ্খল ব্যবস্থাপনা তাকে সন্তুষ্ট করেছে। প্রতিটি ধাপে সঠিক নির্দেশনা থাকায় ভর্তি কার্যক্রম সহজেই সম্পন্ন করা যাচ্ছে।

উল্লেখ্য, ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষার্থীদের পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে তথ্য, ছবি ও স্বাক্ষর আপলোড করতে হয়েছে। ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৬,২১৪ টাকা। তবে যারা পূর্বে ১০,০০০ টাকা জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে ফেরত দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, বর্তমান সময়ে ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার মতো সংবেদনশীল ক্ষেত্রে জালিয়াতি প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ