জুলাই সনদকে অপ্রয়োজনীয় বলায় সংসদে উত্তেজনা

বিএনপি–জামায়াত সদস্যদের তর্কে উত্তপ্ত অধিবেশন, স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

by Master Fatih
জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলায় সংসদে উত্তেজনা

অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ

জাতীয় সংসদে জুলাই সনদকে ‘আননেসেসারি’ (অপ্রয়োজনীয়) উল্লেখ করায় স্বল্প সময়ের জন্য উত্তেজনা ও হইচইয়ের সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির আগে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির সংসদ সদস্য মঞ্জুরুল করিম। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, সংসদের প্রথম দিন থেকেই ‘আননেসেসারি একটি জুলাই সনদ’ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

বিএনপি সদস্যের এ বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম। তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের ধারাবাহিকতায় সরকার গঠিত হয়েছে। সেই প্রেক্ষাপটে জুলাই বা জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তার বক্তব্যের পর সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে হইচই শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংসদে বক্তব্য প্রদানের সময় সবাইকে স্পিকারের উদ্দেশে কথা বলতে হবে এবং ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য।

স্পিকার আরও উল্লেখ করেন, কোনো বক্তব্য পছন্দ না হলে পরবর্তীতে নিজের বক্তব্যে তা খণ্ডন করা যেতে পারে। তিনি সদস্যদের শালীনতা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, অন্যের বক্তব্যে অযথা বিঘ্ন ঘটানো উচিত নয়।

মাগরিবের বিরতির পর চিফ হুইপ নূরুল ইসলাম বিষয়টি নিয়ে বক্তব্য দেন। তিনি জানান, সংশ্লিষ্ট বিএনপি সদস্যের সঙ্গে কথা বলা হয়েছে। ওই সদস্য দাবি করেছেন, তিনি ‘আননেসেসারি বিতর্ক’ বোঝাতে চেয়েছেন।

এ সময় প্রয়োজনে বক্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার আহ্বান জানানো হয়।

অধিবেশনে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই সনদকে কেন্দ্র করে জাতীয় সংসদে এ ধরনের উত্তেজনা রাজনৈতিক বিভাজন ও মতপার্থক্যের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও বিষয়টি নিয়ে বিতর্ক অব্যাহত থাকতে পারে।

banner

এ জাতীয় আরো সংবাদ