জামালপুরে ইমামের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগ দুই যুবদল নেতার বিরুদ্ধে

দখল, প্রভাব বিস্তার ও উত্তেজনার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ

by ABDUR RAHMAN
জামালপুর শহরের নতুন হাইস্কুল জামে মসজিদ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জামালপুর শহরের নতুন হাইস্কুল জামে মসজিদের ইমামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি এবং তা না দেওয়ায় লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের দুই নেতার বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন জেলা যুবদলের সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ কালু এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা। প্রায় ১৯ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা আলাউদ্দিন।

বিজ্ঞাপন
banner

স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর মসজিদ পরিচালনা কমিটি পুনর্গঠনের পর রাজনৈতিক পরিচয়ের কারণে অভিযুক্ত দুই নেতা সেখানে অন্তর্ভুক্ত হন। এরপর থেকেই তারা মসজিদে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের একটি দোকান দখল করে সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার, মসজিদের আয়ের অংশ দাবি এবং মুসল্লিদের সঙ্গে অসদাচরণের মতো একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসারের নেতৃত্বে একটি দল মসজিদে গিয়ে ইমামের ওপর চাপ প্রয়োগ করে বলেও অভিযোগ উঠেছে। এমনকি ইমামের মোবাইল ফোন নিয়ে তার ফেসবুক আইডি থেকে ‘ভুল বোঝাবুঝি’ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয় বলেও দাবি করেন ইমাম।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তারেক চৌধুরী জানান, পরিস্থিতি উত্তপ্ত হলে মুসল্লিরা হামলাকারীদের প্রতিহত করেন এবং তিনি নিরাপত্তার কারণে স্থান ত্যাগ করেন।

তিনি আরও বলেন, অকথ্য ভাষায় গালাগালি করে বাঁশ নিয়ে হামলার চেষ্টা করা হয়। এখন তিনি প্রশ্ন তুলেছেন, এ ঘটনার বিচার কোথায় পাবেন।

অভিযুক্ত জুয়েল রানা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা মসজিদে গিয়েছিলেন এবং ইমামের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি ভুল বোঝাবুঝি। অন্যদিকে হারুনুর রশিদ কালুর বক্তব্য পাওয়া যায়নি।

জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, অভিযোগ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি এখনো থমথমে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ