নিজেস্ব প্রতিবেদক । হুদহুদ নিউজ
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থী ও চিকিৎসকদের সংঘর্ষের এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ উত্তেজনার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বোটানি বিভাগের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সানিমকে হাসপাতালে কয়েকজন চিকিৎসক মারধর করেন। তিনি অমর একুশে হল-এর আবাসিক শিক্ষার্থী।
সহপাঠী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সানিমের ওপর হামলার খবর পেয়ে অমর একুশে হল থেকে একদল শিক্ষার্থী হাসপাতালে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাদের ওপরও হামলার অভিযোগ ওঠে, যার ফলে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জরুরি বিভাগের বাইরে ঢাবির শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, অন্যদিকে ভেতরে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অবস্থান করছেন।
এদিকে, নিরাপত্তাজনিত কারণে হাসপাতালের জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা রোগী সেবায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

