সৌদি আরবের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান Islamic University of Madinah-এ পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন কওমি ব্যাকগ্রাউন্ডের তরুণ আলেম। বিশ্ববিদ্যালয়ের Deanship of Postgraduate Studies কর্তৃক আয়োজিত এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল গত রোববার (৮ মার্চ) প্রকাশ করা হলে তাদের নাম তালিকায় আসে।
পিএইচডিতে সুযোগপ্রাপ্ত তিনজন হলেন— আব্দুর রহমান আবু তালেব, মুহাম্মদ মুশাহিদ দেওয়ান ও ফাহাদ মৃধা। তারা তিনজনই ২০১৬ সালে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের স্কলারশিপ নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ধারাবাহিকভাবে অনার্স, মাস্টার্স ও এমফিল সম্পন্ন করার পর পিএইচডি প্রোগ্রামে সুযোগ লাভ করেন।
আব্দুর রহমান আবু তালেব বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেসের ইসলামি অর্থনীতি বিভাগে পিএইচডিতে সুযোগ পেয়েছেন। তার বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি আরবি ভাষায় ডিপ্লোমা শেষ করে শরিয়াহ অনুষদ থেকে অনার্স এবং ইসলামি অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পরে ‘বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্সের প্রভাব’ শীর্ষক গবেষণার মাধ্যমে এমফিল সম্পন্ন করেন। মদিনায় যাওয়ার আগে তিনি রাজধানীর জামিয়া রাহমানিয়া সাত মসজিদ মাদরাসা থেকে হিফজুল কোরআন ও দাওরা হাদিস এবং মিরপুর জামিয়া মুহাম্মদিয়া থেকে ইফতা সম্পন্ন করেন। এছাড়া দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেন।
মুহাম্মদ মুশাহিদ দেওয়ান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের লিঙ্গুইস্টিকস (ভাষাতত্ত্ব) বিভাগে পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। তিনি একই অনুষদ থেকে অনার্স, মাস্টার্স ও এমফিল সম্পন্ন করেন। তার এমফিল গবেষণার বিষয় ছিল ইমাম ইয়াকুত আল হামাওয়ীর বিখ্যাত গ্রন্থ ‘মু’জামুল উদাবা’-তে খাদ্য ও পানীয় সম্পর্কিত শব্দগুলোর ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা অনুষদে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মদিনায় যাওয়ার আগে তিনি ঢাকার মাদানীনগর মাদরাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন এবং বেফাক বোর্ডের তাকমিল পরীক্ষায় সারা দেশে দশম স্থান অর্জন করেন।
অন্যদিকে ফাহাদ মৃধা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হাদিসের ফিকহুস সুন্নাহ বিভাগে পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি আরবি ভাষায় ডিপ্লোমা শেষ করে হাদিস অনুষদ থেকে অনার্স সম্পন্ন করেন এবং ফিকহুস সুন্নাহ বিভাগ থেকে মাস্টার্স করেন। বর্তমানে তার এমফিল গবেষণাপত্র জমা দেওয়া হয়েছে এবং শিগগিরই থিসিস ডিফেন্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মদিনায় যাওয়ার আগে তিনি আড়াইহাজারের দারুল উলুম দিঘলদী মাদরাসা থেকে হিফজুল কোরআন এবং ঢাকার ফরিদাবাদ মাদরাসা থেকে মিশকাত জামাত পর্যন্ত পড়াশোনা করেন।
পিএইচডিতে সুযোগ পাওয়ার অনুভূতি জানিয়ে তারা বলেন, এটি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এবং ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আরও কয়েকজন বাংলাদেশি কওমি শিক্ষার্থী পিএইচডি প্রোগ্রামে গবেষণারত আছেন।

