নিজস্ব প্রতিবেদক।হুদহুদ নিউজ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস পটুয়াখালী জেলা শাখার আমেলা সদস্য মরহুম মাওলানা আতাউল্লাহ (রহ.)-এর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। রোববার (৩০ আগস্ট) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল বিভাগের তত্ত্বাবধায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ, প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ এবং সমাজকল্যাণ বিভাগের সহ-সম্পাদক মাওলানা জাকারিয়া আল ফারুকী।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, মসজিদে ফজরের নামাজে সেজদারত অবস্থায় মাওলানা আতাউল্লাহ (রহ.)-এর ইন্তেকাল মহান আল্লাহর দরবারে তাঁর বিশেষ কবুলিয়াতের নিদর্শন। তিনি ধর্মীয় ইমামের দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের নেতৃত্বে নিজেকে গড়ে তুলতে এবং দ্বীনকে সমুন্নত রাখতে যুব মজলিসে কাজ করেছেন।
তিনি আরও বলেন, পরিবারটি যেন নিজেদের কোনোভাবেই অসহায় মনে না করে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস অতীতেও তাঁদের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও সর্বাত্মকভাবে পাশে থাকবে।
পরে নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও উত্তম প্রতিদানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলার সভাপতি মাওলানা আব্বাস আলী, পটুয়াখালী জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহ, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, বরিশাল জেলা যুব মজলিসের সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহ আল মামুন, দুমকি থানা খেলাফত মজলিসের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসানসহ পটুয়াখালী জেলা ও দুমকি থানা যুব মজলিসের বায়তুল মাল ও সমাজকল্যাণ সম্পাদক এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।

