এমপিকে ‘বাংলার ক্যাপ্টেন’ বলায় আওয়ামী লীগ নেতার চাপে ইমাম চাকরিচ্যুত

by ABDUR RAHMAN

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে ‘বাংলার ক্যাপ্টেন’ উল্লেখ করে ফেসবুকে শুভেচ্ছা জানানোয় মসজিদের এক ইমামকে চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামে।

জানা গেছে, দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ মিজান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ব্যানার পোস্ট করেন। সেখানে তিনি এমপিকে ‘বাংলার ক্যাপ্টেন’ হিসেবে উল্লেখ করে শুভেচ্ছা বার্তা দেন।

বিজ্ঞাপন
banner

পোস্টটি প্রকাশের পর স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. হানিফ মিয়া, মসজিদ কমিটির সভাপতি ফিরুজ মিয়া ও তাদের অনুসারীরা অসন্তোষ প্রকাশ করেন। পরে শনিবার অনুষ্ঠিত মসজিদ কমিটির বৈঠকে হানিফ মিয়ার চাপে মাওলানা আব্দুল্লাহ মিজানকে ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চলমান রমজান মাস শেষ হওয়ার পর সিদ্ধান্তটি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, গত প্রায় দশ বছর ধরে তিনি ওই মসজিদে ইমামতি করে আসছেন। নিয়মিত নামাজ পরিচালনা, কোরআন শিক্ষা ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হঠাৎ এ সিদ্ধান্তে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ইমাম মাওলানা আব্দুল্লাহ মিজান বলেন, “এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আপনারা আমাকে বিপদে ফেলবেন না। এখন কথা বললে আমি এই মাসের বেতনও পাবো না।”

মসজিদ কমিটির সভাপতি ফিরুজ মিয়া বলেন, “হুজুর হয়ে কীভাবে ফেসবুকে স্ট্যাটাস দেয়, তার আরো কিছু নৈতিক সমস্যা আছে তাই তাকে বিদায় করে দিয়েছি।”

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন বলেন, “আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিচ্ছি।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ