ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনের দিকে অগ্রসর হয়ে পাথর নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ ও রেঞ্জার্স-অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে এবং কনস্যুলেট এলাকার নিরাপত্তা জোরদার করে।
মাই কোলাচি রোড ও এম টি খান রোড এলাকায় সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। সুলতানাবাদ সেতুর নিচে একটি ট্রাফিক পুলিশ চৌকিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এর ফলে বিভিন্ন স্থানে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং গুরুত্বপূর্ণ সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
করাচি সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের প্রধান ডা. সাবির মেমন জানান, হাসপাতালে ৮টি লাশ ও অন্তত ২০ জন আহতকে আনা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ অব্যাহত রয়েছে। তিনি বলেন, শনাক্তকরণ সম্পন্ন হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
পরিস্থিতি বর্তমানে থমথমে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: ডেইলি জং।
আবুআ/

