নতুন অধ্যায়ে ড. ইউনূস

by ABDUR RAHMAN

কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস—এ নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল রয়েছে। জানা গেছে, তিনি বর্তমানে রাজধানীর যমুনায় কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরও তিনি সেখানেই অবস্থান করছেন।

নিয়ম অনুযায়ী আরও তিন মাস যমুনায় থাকার সুযোগ থাকলেও তিনি আগেভাগেই এটি ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার যমুনা পরিদর্শন করেছে।

বিজ্ঞাপন
banner

ঘনিষ্ঠ সূত্র জানায়, যমুনায় অবস্থানকালে তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবছেন। মাসখানেক পর বা ঈদের পর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরতে পারেন—তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি যমুনায় বসবাস করে আসছেন। তার এক ঘনিষ্ঠ সহযোগী জানান, ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতি হিসেবে তিনি নথিপত্র গোছাচ্ছেন এবং সাংগঠনিক কাজ এগিয়ে নিচ্ছেন। পাশাপাশি অসুস্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের সময় দিচ্ছেন।

সূত্র আরও জানায়, দীর্ঘদিনের ‘থ্রি জিরো’ ভিশন—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—ধারণার ভিত্তিতে নতুন কিছু উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করছেন তিনি। যদিও এ বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট কর্মসূচি চূড়ান্ত হয়নি।

বিদেশ থেকেও বিভিন্ন সফরের আমন্ত্রণ পাচ্ছেন ড. ইউনূস। এ সংক্রান্ত সমন্বয় করছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। কোথায় তিনি সরাসরি উপস্থিত থাকবেন এবং কোথায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন—তা নিয়েও কাজ চলছে।

যমুনায় এখন আগের মতো রাষ্ট্রীয় ব্যস্ততা না থাকলেও তিনি নিয়মিত রুটিন মেনে চলছেন। সকালে ঘুম থেকে উঠে কম্পাউন্ডে হাঁটাহাঁটি করেন। নাশতার পর সকাল ১০টার দিকে কাজ শুরু করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন—যারা তার সঙ্গে দেখা করতে চান, তাদের যেন সুযোগ দেওয়া হয়। আগে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে অনেকের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি; এখন তিনি সবার কথা শুনতে আগ্রহী।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করছেন। কেউ অন্তর্বর্তী সরকার পরিচালনার অভিজ্ঞতা জানতে চান, কেউ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, আবার কেউ পেশাগত বিষয় তুলে ধরেন।

আগামী মাসে পাঁচ দিনের সফরে জাপান যাওয়ার কথা রয়েছে তার। সফরের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন এক সহযোগী।

এরই মধ্যে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। ক্ষমতায় থাকাকালীন সময়েই, প্রায় এক সপ্তাহ আগে পাসপোর্টটি জমা দেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে গত ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।

বর্তমানে তার মনোযোগ মূলত পরিবারকেন্দ্রিক। অফিসের কাজ শেষে তিনি অসুস্থ স্ত্রীর পাশে সময় কাটান। বিকেলে আবার হাঁটাহাঁটি করেন এবং সন্ধ্যা ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে কাটান। মেয়ের দুই পোষা বিড়াল ‘মিনু’ ও ‘কায়রো’র সঙ্গেও সময় উপভোগ করেন তিনি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ