দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি)। ইসলামী চেতনা, আধুনিক বাংলা সাহিত্য ও উভয় বাংলার শ্রেষ্ঠ কবি আল মাহমুদ ২০১৯ সালের এদিনে ৮২ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রতি বছর ১৫ ফেব্রুয়ারি তার মৃত্যুবার্ষিকী পালিত হয়।
তিনি ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থের জন্য বিশেষভাবে পরিচিত। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান, জাতির আত্মপরিচয়ের বিপ্লবী পথপরিক্রমায় তার কবিতা মুক্তিকামী গণমানুষকে প্রেরণা জুগিয়েছে।
ব্যাপক পাঠকপ্রিয় কবি আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌড়াইলের মোল্লাবাড়িতে ১৯৩৬ সালের ১১ জুলাই জন্ম নেন। ১৯৫৪ সালে তিনি ঢাকায় আসেন। তার সম্পাদনায় মুক্তিযুদ্ধের পর দৈনিক গণকণ্ঠ প্রকাশিত হয়। এ সময় এক বছরের জন্য কারাবন্দি থাকতে হয় তাকে।
কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, হুমায়ুন কবীর স্মৃতি পুরস্কার, জীবনানন্দ স্মৃতি পুরস্কার, কবি জসীম উদ্দীন পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
কবির মৃত্যুবার্ষিকীর দিন আজ বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে বিকাল ৪টায় স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত-অনুরাগীরা উপস্থিত থাকবেন।
আবুআ/

