বিএনপি ইসলামের জন্য অনেক কাজ করেছে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের আরাফার ময়দানে হাজার হাজার নিমগাছ রোপণ করেছিলেন, যা বর্তমানে হজযাত্রীদের ছায়া দিচ্ছে। সেখানে আজও তৃপ্তিভরে হাজিরা জিয়াউর রহমান ও বাংলাদেশের নাম উচ্চারণ করা হয়।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, শহীদ জিয়াউর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড ইসলামের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি দাবি করেন, বিএনপিই প্রকৃত ইসলামী দল এবং সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন জিয়াউর রহমান।
জামায়াতে ইসলামীর বক্তব্য ও কার্যক্রম সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য অন্য কারও প্রয়োজন নেই, জামায়াতই যথেষ্ট। তিনি আল্লাহর কাছে দোয়া কামনা করে বলেন, যেন জনগণকে জামায়াতে ইসলামীর কার্যক্রম থেকে রক্ষা করা হয়।
আবুআ/

