চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব আসনেই জয়লাভের চেষ্টা করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। তবে কতটি আসনে সফল হওয়া যাবে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও মন্তব্য করেন।
একটি দৈনিক পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিক অবস্থান থেকেই ২৫৯ আসনে এককভাবে প্রার্থী দিয়েছে। তাদের মূল লক্ষ্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা এবং কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র পরিচালনা। এ আদর্শ থেকে সরে না আসার কারণেই ১১ দলীয় নির্বাচনী জোটে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘আমরা জনগণের কাছে আহ্বান করেছি ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার জন্য। শরিয়াহ আইন বাস্তবায়ন ছাড়া ইসলামী হুকুমতের কথা বলা মানুষের সঙ্গে প্রতারণার শামিল।’ তিনি দাবি করেন, দলটির কর্মী-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি নয়; বরং ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা রয়েছে।
নির্বাচন নিয়ে শঙ্কার কথাও তুলে ধরেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে তা বর্জনের পথেও যেতে পারে দলটি। তবে নিরপেক্ষ নির্বাচন হলে ফলাফল যাই হোক, তা মেনে নেওয়া হবে।
ভবিষ্যতে যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেখানে ইসলামের পক্ষে ও দেশের কল্যাণে কাজ করবে—এমন প্রার্থীদের সমর্থনের কথাও জানান তিনি।

