অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং পশ্চিমবঙ্গে গরু জবাইকে ঘিরে আরোপিত বিধিনিষেধের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি এসব ঘটনাকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও নাগরিক অধিকারের ওপর সুপরিকল্পিত চাপ হিসেবে উল্লেখ করেছে।
শুক্রবার (১৫ মে) দেওয়া এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, ভারতে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু মুসলমানদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গে নতুন সরকারের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত বিশেষ করে গবাদিপশু জবাইয়ের ওপর কড়াকড়ি আরোপ মুসলিমদের ধর্মীয় অনুশীলনে বাধা সৃষ্টি করছে।
নেতারা বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে উন্মুক্ত স্থানে পশু জবাই নিষিদ্ধ করা এবং বিভিন্ন শর্ত আরোপের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে ধর্মীয় ও অর্থনৈতিকভাবে চাপে ফেলা হচ্ছে। তারা এই পদক্ষেপকে বৈষম্যমূলক বলে আখ্যা দেন।
বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতাসহ কয়েকটি এলাকায় সহিংসতার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করা হয়।
ছাত্রশিবিরের নেতারা দাবি করেন, আসামে এনআরসি ও সিএএ বাস্তবায়ন, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, বাবরি মসজিদ ধ্বংস এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্কসহ বিভিন্ন ঘটনা ভারতে মুসলমানদের ওপর দীর্ঘদিনের চাপেরই অংশ।
তারা অবিলম্বে পশ্চিমবঙ্গে সহিংসতা বন্ধ ও গরু জবাই সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
আর/

