অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নবী করিম (স.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্য ঘিরে এ উত্তেজনার সৃষ্টি হয় বলে জানা গেছে।
শুক্রবার বিকেল ৫টায় কালা বিবি দিঘির মোড়ে তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত আনোয়ারা উপজেলা শাখা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত আনোয়ারা উপজেলা শাখার সভাপতি ও পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আবদুর রহিম।
এতে মাওলানা তৈয়ব হালিম, মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, মাওলানা আবদুল হান্নান, মাওলানা রেজাউল করিম, মাওলানা ছলিম উদ্দিন মাহদী, মাওলানা ইয়াকুব আবদুল্লাহ, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আমির হোসেন, মাওলানা নুরুল আবছারসহ স্থানীয় একাধিক আলেম বক্তব্য রাখেন।
প্রতিবেদনে জানা যায়, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানীর একটি ফেসবুক পোস্টে নবী করিম (স.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরে হেফাজতে ইসলাম আনোয়ারা উপজেলা শাখা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।
পরে অভিযুক্ত মোহাম্মদ আলী তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনের সঙ্গে পূর্বে যুক্ত ছিলেন বলে উল্লেখ করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি অবমাননাকর মন্তব্য গুরুতর অপরাধ। তারা দাবি করেন, ক্ষমা চাইলেও বিষয়টি এখানেই শেষ হওয়া উচিত নয়, বরং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা আরও বলেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সাহস না পায়।
আর/

