অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি বর্তমানে আওয়ামী লীগের দ্বারা ‘হাইজ্যাক’ হয়ে গেছে।
বৃহস্পতিবার চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সারাদেশে রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতি থাকলেও চট্টগ্রামে আন্দোলনের ধারা অব্যাহত রয়েছে। প্রতিকূল পরিবেশেও আন্দোলনের “বসন্ত” ধরে রাখায় তিনি স্থানীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
ক্ষমতাসীন বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সরকারে আসার পর দলটি সংস্কারবিরোধী অবস্থানে চলে গেছে। তার ভাষায়, জুলাই আন্দোলনের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, বিএনপি এখন সেখান থেকে সরে আসছে।
তিনি প্রশ্ন তোলেন, “আবু সাঈদ, মুগ্ধ ও চট্টগ্রামের সন্তান ওয়াসিম যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছেন, বিএনপি কেন সেই পথ থেকে পিছিয়ে যাচ্ছে?”
বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, যারা বছরের পর বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে দলটিকে টিকিয়ে রেখেছিলেন, তারা এখন বঞ্চিত ও হতাশ। তাদের অনেকেই বর্তমানে এনসিপিতে যোগ দিতে আগ্রহী বলেও দাবি করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে “নীরব বিপ্লবের” বার্তা পৌঁছে দিতে হবে এবং সংস্কারপন্থি ও দেশপ্রেমিক মানুষদের এনসিপির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে হবে।
জুলাই আন্দোলনে নারীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তীতে তাদের যথাযথ মূল্যায়ন ও রাজনৈতিকভাবে সংগঠিত করা সম্ভব হয়নি। নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
চট্টগ্রামের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, যখনই ঢাকায় আন্দোলন থমকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই চট্টগ্রাম নতুন গতি এনে দিয়েছে।
বক্তব্যের শেষ দিকে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, আগামী ১০ বছরের মধ্যে দেশের কাঠামোগত পরিবর্তন না হলে নাহিদ ইসলাম রাজনীতি ছেড়ে দেবেন।
আর/

