অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীদের উপস্থিতিতে চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। নামাজ শেষে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির একপর্যায়ে মসজিদের প্রবেশপথের কাঁচের দরজা ভেঙে যায়। এতে অন্তত পাঁচজন মুসল্লি আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় মুসল্লিদের অভিযোগ, জুমার নামাজ চলাকালে ও নামাজ শেষে দলীয় নেতাকর্মীদের স্লোগান এবং অতিরিক্ত ভিড়ের কারণে মসজিদের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। অনেক মুসল্লি শান্তিপূর্ণভাবে সুন্নত নামাজ আদায় করতে পারেননি বলেও অভিযোগ ওঠে।
শুক্রবার দুপুরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মসজিদে উপস্থিত হলে তাঁর অনুসারী ও নেতাকর্মীরা সেখানে ভিড় করেন। খুতবার আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচন, বিজেপির জয় এবং গেরুয়া পতাকার প্রসঙ্গ তুলে মুসলিম উম্মাহকে সজাগ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “ভারতে বিজেপি জয়ী হয়েছে, গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে চলে এসেছে। মুসলমানরা সজাগ না থাকলে এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে। আমাদের মসজিদভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।”
নামাজ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের সঙ্গে বের হওয়ার সময় মসজিদের পেছনের ফটকে ব্যাপক ভিড় সৃষ্টি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে প্রবেশপথের কাঁচের দরজাটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কাঁচের আঘাতে কয়েকজন মুসল্লি আহত হন এবং মসজিদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের রক্তে মসজিদের ফ্লোর রঞ্জিত হয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
একাধিক মুসল্লি বলেন, “ইবাদতের জায়গায় এমন পরিস্থিতি সত্যিই দুঃখজনক। মসজিদে সবাই শান্তিপূর্ণ পরিবেশ আশা করেন।”
এদিকে কাঁচের দরজা ভাঙার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার। তিনি জানান, ধাক্কাধাক্কির সময় নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তিনিও সামান্য আহত হয়েছেন।
জুবায়ের সরদার বলেন, “মসজিদ কমিটি ও খতিবের সঙ্গে আমরা কথা বলেছি। ভেঙে যাওয়া কাঁচের দরজার সম্পূর্ণ ক্ষতিপূরণ আমরা দেব।”
আর/

