আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ১০ শতাংশ বৈশ্বিক আমদানি শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। বৃহস্পতিবার কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড এ সংক্রান্ত রায় প্রদান করে।
আদালত রায়ে জানায়, ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ ব্যবহার করে এ ধরনের শুল্ক আরোপের জন্য প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ হয়নি। ফলে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ বৈধতা হারিয়েছে।
রায়ে মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফেরত দিতে এবং ভবিষ্যতে তাদের ক্ষেত্রে এ শুল্ক কার্যকর না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালত জানিয়েছে, আপাতত এই সিদ্ধান্ত শুধু মামলার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য প্রযোজ্য হবে। অন্য আমদানিকারকদের ক্ষেত্রে জুলাই পর্যন্ত শুল্ক কার্যকর থাকতে পারে।
ট্রাম্প প্রশাসন চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন দেশ ও অঞ্চলের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে। এর আগে সুপ্রিম কোর্ট ট্রাম্পের বিস্তৃত বৈশ্বিক শুল্ক নীতির কিছু অংশ বাতিল করে দিলে প্রশাসন বিকল্প হিসেবে এই ব্যবস্থা চালু করেছিল।
আইন অনুযায়ী, কোনো দেশের সঙ্গে গুরুতর বাণিজ্য ঘাটতি দেখা দিলে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক ১৫০ দিনের জন্য আরোপ করতে পারেন। তবে আদালত মনে করেছে, বর্তমান পরিস্থিতি সেই পর্যায়ে পৌঁছায়নি।
মামলার বাদীপক্ষ আদালতে দাবি করে, ট্রাম্প প্রশাসন ট্রেড অ্যাক্টের সংশ্লিষ্ট ধারা প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। আদালত সেই যুক্তির সঙ্গে একমত পোষণ করে।
এদিকে, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, একের পর এক আইনি চ্যালেঞ্জের মুখে ট্রাম্পের বাণিজ্য নীতি আরও জটিল হয়ে উঠছে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

