চেয়ার বদলেছে, মানসিকতা নয়: গণভোটের প্রতিশ্রুতি ভেঙে ক্ষমতার অপব্যবহার—বিএনপিকে আখতারের তোপ

যুবশক্তির আংশিক কমিটি ঘোষণা, সরকারকে হুঁশিয়ারি—ফ্যাসিবাদ ফেরাতে দেওয়া হবে না

by ABDUR RAHMAN
এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, গণভোটে ‘হ্যাঁ’র প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিএনপি এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৫ এপ্রিল) এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় জাতীয় যুবশক্তির সাত সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের কথা জানানো হয়।

আখতার হোসেন বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে যা খুশি তাই করছে, যা গণভোটের চেতনার পরিপন্থী। নির্বাচনের পর শপথের প্রথম দিন থেকেই সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায় উপেক্ষা করে ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারে এসেই হাজার হাজার কোটি টাকা ছাপানো হয়েছে এবং অর্থ পাচারকারীদের পুনর্বাসনের জন্য ব্যাংক আইন পরিবর্তন করা হয়েছে। এতে বোঝা যায়, ক্ষমতার পরিবর্তন হলেও লুটপাটকারীদের প্রতি মানসিকতার কোনো পরিবর্তন হয়নি।

সরকারকে হুঁশিয়ার করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার কোনো সুযোগ দেওয়া হবে না। আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে বলেও তিনি জানান।

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সাম্প্রতিক বিভিন্ন ঘটনার সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সরকারের ব্যর্থতা স্পষ্ট। একইসঙ্গে তিনি গণতান্ত্রিক পথে চলার আহ্বান জানান।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, সংগঠনটি কখনো লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না; বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ