অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে রাজনৈতিকভাবে নির্মূলের হুমকি দিয়ে কাবু করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ভয়ভীতি ও হুমকি দিয়ে কোনো রাজনৈতিক দলকে দমন করা সম্ভব নয়।
শনিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এর আগে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ভবিষ্যতে জামায়াতকে রাজনৈতিকভাবে ‘পুরোপুরি নির্মূল’ করার লক্ষ্যে কাজ করতে হবে।
গোলাম পরওয়ার তার বিবৃতিতে বলেন, এ ধরনের বক্তব্য গণতন্ত্রের ভাষা নয় এবং এটি অগণতান্ত্রিক ও অনভিপ্রেত। তিনি দাবি করেন, এমন মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং দেশের রাজনৈতিক পরিবেশকে সহিংসতার দিকে ঠেলে দিতে পারে।
তিনি আরও বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে নানা দমন-পীড়ন চালিয়েও জামায়াতে ইসলামীকে নির্মূল করা যায়নি। তাই ভবিষ্যতেও কোনো হুমকি বা চাপ প্রয়োগ করে দলটিকে দমিয়ে রাখা যাবে না। এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য তিনি বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে, নিজের বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে অবস্থান নেওয়া প্রয়োজন। এই ইস্যুকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
আর/

